প্রাথমিক শিক্ষায় পরিবর্তনে নতুন উদ্যোগ সরকারের: প্রতিমন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে নতুন মনিটরিং নীতিমালা প্রণয়ন এবং পরিমার্জিত কারিকুলাম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি তাদের শেখার অগ্রগতি, পাঠদানের মান ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।
বুধবার (৪ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, শিশুদের বয়স, মেধা ও সক্ষমতা বিবেচনায় বিজ্ঞানসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পাঠ্যক্রম পরিমার্জনের কাজ চলছে। পাশাপাশি নতুন মনিটরিং নীতিমালার মাধ্যমে শিক্ষার প্রকৃত মান যাচাই করা হবে।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিলের খাবার বিতরণ করেন এবং খাবার সংরক্ষণ ও বিতরণব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরে বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন কার্যক্রম, বিদ্যালয়ের বাগান ও লিটল এগ্রিকালচারিস্ট ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
স্কুল ফিডিং কর্মসূচি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলায় এ কর্মসূচি চালু করেছে। আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো ও ঝরে পড়া কমাতে এ কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাধবপুর উপজেলায় বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শতাধিক বিদ্যালয়ে নিজস্ব ব্যবস্থাপনায় স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনা করছে। সরকারের কর্মসূচির সঙ্গে ডব্লিউএফপির কার্যক্রমের বাস্তবায়ন পদ্ধতি ও অভিজ্ঞতা পর্যালোচনা করতেও প্রতিমন্ত্রীর এ সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে প্রতিমন্ত্রী জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ এবং শিশুদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল, বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশের হেড অব প্রোগ্রাম জেসি উড, স্কুল ফিডিংবিষয়ক প্রোগ্রাম পলিসি অফিসার এমা লেফুসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
