জামালপুর পৌর গোরস্থান পরিষ্কারে যুবদলের উদ্যোগ।
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর গোরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌর গোরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌর মেয়র পদপ্রার্থী সোহেল রানা খান। এ সময় যুবদল নেতা একরামুল হোসেন মানিক, ইমরান কায়সারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং গোরস্থানের ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
পরে জিয়া পরিবার এবং পৌর গোরস্থানে শায়িত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
