সুবর্ণজয়ন্তী উদ্যাপনে আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শহীদ নজমুল হক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী প্রতিনিধি: শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠান ও বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সুবর্ণজয়ন্তী উদ্যাপন স্মরণীয় করে তুলতে শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবর্ণজয়ন্তী উদ্যাপনের সার্বিক সফলতা কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের দীর্ঘ শিক্ষাযাত্রা, ঐতিহ্য এবং প্রাক্তন শিক্ষার্থীদের অবদান স্মরণে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
