গাজীপুরে শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার গায়েবানা জানাজা পণ্ড হয়েছে। জানাজা আয়োজনের সময় পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। পরে আলী নাসের খান বক্তব্য শেষ করলে আয়োজকেরা গায়েবানা জানাজা শুরু করতে চান। এ সময় পুলিশ বাধা দেয়। এরপর জানাজা আয়োজনের চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর বিচার এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, গায়েবানা জানাজা পড়তে না দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়েছে।
