ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় বাবা-দুই ছেলের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও তার দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া এবং তার দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত থাকলেও মোতাহার ও মনির পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিহত মানিক মিয়া পেশায় ব্যবসায়ী ছিলেন। প্রতিবেশী মনির মিয়ার সঙ্গে তার টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। সেখানে মনির ও তার পরিবারের সদস্যরা তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ সাত বছর বিচারিক কার্যক্রম শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি ছয় আসামিকে খালাস দেওয়া হয়।
রায়ের পর আসামিপক্ষের আইনজীবী সারওয়ার ই আলম বলেন, তারা আশা করেছিলেন সব আসামি বেকসুর খালাস পাবেন। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সাজাপ্রাপ্তরাই মানিক মিয়াকে আঘাত করেছিলেন। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন না।
