Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

চাঁদপুর প্রতিনিধি: প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ 45 বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
ছবি : বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা হুজ্জাতুল্লাহর ইমামতিতে শফিকুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়।
Single News Top

চাঁদপুর প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজে জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং থানা পুলিশের একটি দল এ আনুষ্ঠানিকতায় অংশ নেয়। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর একই মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরীফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা এবং ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহম্মদ শফিকুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বনানীর নিজ বাসভবনে স্ট্রোক করেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত এই রাজনীতিক সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৫ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
 

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে