Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর, ২০২৬ 39 বার পঠিত
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
ছবি : গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভে বন্ধ হয়ে পড়ে মহাসড়কের যান চলাচল।
Single News Top

গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি বোর্ড গঠন করা হলেও সোমবার (২ নভেম্বর) সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

শ্রমিক অসন্তোষের কারণে সোমবার সকাল ৮টা থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি শিল্প পুলিশ।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মজুরি বোর্ড গঠন করলেই হবে না, বেতন কত নির্ধারণ করা হয়েছে, তা ঘোষণা করতে হবে। তাদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে।

শ্রমিকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণ আন্দোলন করলেও বহিরাগতরা তাদের মধ্যে ঢুকে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরিস্থিতি অস্থিতিশীল করেছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে রোববার গাজীপুরে শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবারও বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। তবে আজ কতটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে রোববার সকাল থেকে কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করা হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোথাও কোথাও শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।

এ সময় কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন, পল্লীবিদ্যুৎ এলাকায় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে মোতায়েন করা হয় পাঁচ প্লাটুন বিজিবি।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে