চট্টগ্রামে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু
নিউজ সিক্সটিন ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দুই দেশের বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ (Exercise Guardian Shark) শুরু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামে এ মহড়ার উদ্বোধন করা হয়। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ যৌথ প্রশিক্ষণ কার্যক্রম।
মহড়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অংশ নিচ্ছেন। এতে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান (Swift Water Rescue), জরুরি চিকিৎসাসেবা এবং মেডিকেল কেয়ারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়ানোই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বাস্তবধর্মী পরিস্থিতির আলোকে বিভিন্ন উদ্ধার কৌশল ও জরুরি পরিস্থিতি মোকাবিলার পদ্ধতি অনুশীলন করছেন। বিশেষ করে প্রবল স্রোতের পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধার, ঝুঁকি মূল্যায়ন, উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পাশাপাশি দুর্যোগকবলিত ও আহত ব্যক্তিদের দ্রুত প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় মেডিকেল সহায়তা এবং নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
যৌথ এ মহড়ার মাধ্যমে দুই দেশের অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, উদ্ধার কৌশল ও কার্যকর অনুশীলন পদ্ধতি বিনিময়ের সুযোগ পাচ্ছেন। এতে বাংলাদেশ কোস্ট গার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পেশাগত দক্ষতা এবং সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে বলেন, “গার্ডিয়ান শার্ক মহড়া আঞ্চলিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের মহড়ার মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও গভীর হচ্ছে এবং অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”
