সাহিত্য ও ইতিহাস সংরক্ষণে রাকসুর ৮ প্রকাশনা
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: সাহিত্যচর্চা, ইতিহাস সংরক্ষণ ও নতুন লেখকদের উৎসাহিত করতে আটটি গ্রন্থ প্রকাশ ও সম্পাদনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ। প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে তিনটি রাকসু সাহিত্যপত্র, একটি বিশেষ প্রবন্ধ স্মারক, পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত তিনটি বই এবং একটি হলভিত্তিক প্রকাশনা।
রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ও সাহিত্য অঙ্গনে টেকসই প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে বিতর্ক উৎসব, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, আলোচনাসভা, সেমিনার, পাঠচক্র ও প্রমিত উচ্চারণ কোর্সের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আবাসিক হলে ম্যাগাজিন প্রকাশের জন্য আর্থিক সহযোগিতাও দেওয়া হয়েছে।
প্রকাশিত তিনটি রাকসু সাহিত্যপত্র হলো—বিপ্লবী হাদি সংখ্যা, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক গল্পসংখ্যা ও স্মৃতিচারণ সংখ্যা। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ প্রবন্ধ স্মারক ‘জাগরণ’।
এ ছাড়া রাকসু পাণ্ডুলিপি পুরস্কারের আওতায় প্রকাশিত হয়েছে তিনটি বই—‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’ ও ‘পুলু মামা দ্য গ্রেট’। পাশাপাশি প্রকাশিত হয়েছে হলভিত্তিক প্রকাশনা ‘সোহরাওয়ার্দী দর্পণ’।
এসব প্রকাশনার বিষয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের জাতীয় ইতিহাসে ছাত্র-জনতার একটি গুরুত্বপূর্ণ বিপ্লবী অধ্যায়। এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষাকে জাতীয়ভাবে সমৃদ্ধ করার দায়বদ্ধতা থেকেই রাকসু সাহিত্যপত্রের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রকাশনা জাতীয় ইতিহাস সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখার পাশাপাশি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদী।
