রাবি মডেল স্কুলে মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আকতার বানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক তানজিরা রহমান। এ সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. সৈয়দা দিলরুবা বার্ষিক প্রতিবেদন-২০২৫ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন।
অনুষ্ঠানে উপাচার্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট, কৃতী শিক্ষার্থীদের মেধা পুরস্কার, চৌকস শিক্ষার্থী পুরস্কার এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। এ ছাড়া একজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
