জনগণের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি: জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর পবা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি মিলন বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে-ই হোক, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কোনো ধরনের অবহেলা কাম্য নয়।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাস ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিপন্ন করে। কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্পৃক্ততা বাড়ানো প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে।
এ সময় অপরাধ ও অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমন, যানজট নিরসন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ সময় জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
