রাজশাহীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি: পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে প্রথমবারের মতো ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও রাজশাহী রেঞ্জের ডিআইজির সহধর্মিণী মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
উদ্বোধনী বক্তব্যে মিসেস শামীম আরা হক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ ও সুসম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা এবং অংশীদারত্বের সম্পর্ক গড়ে তোলা। এ ধরনের আয়োজন সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে।
আয়োজকেরা জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডির মাধ্যমে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে দলগত সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বিকাশের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক যোগাযোগ বাড়বে বলে তাঁরা আশা করছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা রাজশাহীতে ক্রীড়াচর্চার প্রসারের পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।
