তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পিবিআই
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে তাঁর ছোট ভাই জানিয়েছেন, কয়েকজনের ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাহসিফ। এদিকে মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে তাঁর ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল। তবে এটি হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা।
পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে থাকা তাঁর ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ জানান, ঘটনার দিন তাঁরা দুজন রাজাবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি তাঁদের ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে দীপ সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর প্লেট ছিল না।
তদন্তের স্বার্থে ছোট ভাইয়ের দেওয়া বক্তব্য এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলটির সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা ও তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই কাজ করছে। এ ঘটনায় তদন্তকারী সংস্থা নৌ পুলিশকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
এর আগে গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁর বাবা।
