পাবনায় গরুর হাটের ইজারাদারসহ বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি নেতা রিপনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া হাটে আব্দুস সালামের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আব্দুস সালাম নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত সেখানে ঢুকে দুজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সালাম পাবনা সদর উপজেলার ধর্মগ্রামের মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া গরুর হাটের ইজারাদার ছিলেন। স্থানীয়ভাবে তিনি শ্রমিক লীগ নেতা হিসেবেও পরিচিত ছিলেন। অন্যদিকে, রিপন স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
