গাজীপুরে সেফটি ট্যাংকি বিস্ফোরণে যুবক নিহত, আহত ২
গাজীপুরের নাওজোড়ে নির্মাণাধীন একটি তিনতলা ভবনের সেফটি ট্যাংকি বিস্ফোরণে শাকিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষের নিচে থাকা সেফটি ট্যাংকিটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই শাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও দুজন আহত হন।
খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং শাকিবের মরদেহ উদ্ধার করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিহত শাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি বিস্ফোরণের ঘটনা দেখতে পান। বিস্ফোরণের সময় শাকিবসহ তিনজন ওই কক্ষে অবস্থান করছিলেন। তাঁরা সেখানে ভাড়া থাকতেন। তাঁদের থাকার কক্ষটি ছিল সেফটি ট্যাংকির ঠিক ওপরে।
