রাজশাহীতে ভারতীয় মাদক জব্দ করল বিজিবি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সীমান্ত ও বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫১ বোতল এসকুফ সিরাপ এবং ১ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড় এলাকায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি দল। এ সময় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করা এক মাদক কারবারিকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করা হয়।
একই রাতে দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড় এলাকার একটি জঙ্গল থেকে ৫১ বোতল ভারতীয় এসকুফ সিরাপ জব্দ করে সোনাইকান্দি বিওপির টহল দল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এ ছাড়া দামকুড়া থানার হাজির বাতান এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে চরমাজারদিয়া বিওপির টহল দল। একই সময়ে মতিহার থানার জাহাজঘাট নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে তালাইমারী বিওপির একটি দল।
বিজিবি জানায়, জব্দ করা সব মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
