Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য, যুবকের ৭ দিনের রিমান্ড

সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ 63 বার পঠিত
প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য, যুবকের ৭ দিনের রিমান্ড
ছবি : মন্তব্যকারী যুবক
Single News Top

সিক্সটিন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবিসংবলিত ফেসবুক পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার মো. আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারে উল্লেখ করা অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া ঘটনার সঙ্গে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কি না, আসামি কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না এবং ঘটনার পেছনে কোনো চক্র বা পরিকল্পনাকারী রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে জব্দ করা আলামতের পাশাপাশি অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত রয়েছে কি না, তা শনাক্ত ও উদ্ধারের প্রয়োজন রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি কেন এমন মন্তব্য করেছেন, কোন কোন সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এ সময় বিচারক আসামির পক্ষে কোনো আইনজীবী আছেন কি না জানতে চাইলে আবু বকর সিদ্দিক বলেন, ‘না, কেউ নেই।’ পরে বিচারক তাঁকে এমন মন্তব্য করার কারণ জিজ্ঞাসা করেন। জবাবে তিনি বলেন, ‘এমনি করেছিলাম। কোনো উদ্দেশ্য ছিল না, মজা করেছিলাম। এটা আমার ভুল হয়েছে।’ শুনানি শেষে আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে প্রধানমন্ত্রীর জন্য রাজশাহীতে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়।

ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো।’

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহীর পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাবা মো. আয়নাল হককেও আটক করা হয়েছিল। তবে প্রাথমিক তদন্তে তাঁর বাবার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর আবু বকর সিদ্দিকের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ফোনটি পর্যালোচনা করে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে আপত্তিকর মন্তব্যের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপপরিদর্শক মো. মানিক হোসেন সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে