রাজশাহীতে পুলিশের অভিযান, ৪৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পবা থানার বাগধানী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান (২০)।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর দুপুর সোয়া ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর সেক্টর-২ এলাকার হোল্ডিং নম্বর-৪৯-এর একটি প্লটের টিনশেড ঘরে অভিযান চালায় উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. বিপ্লব আলী (৩৯) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামি ও অজ্ঞাতনামা অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
