রাজশাহীতে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামের নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান চালানো হয়।
রাজশাহী জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইসমাইল হোসেন ও মো. ইসাহাক আলীকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন—গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ও মো. ইসাহাক আলী।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় তাদের সহযোগী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকার মো. রুবেল হোসেন (২৩) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাই ও পলাতক সহযোগীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
