রাবিতে ডেটা সায়েন্সের ভবিষ্যৎ নিয়ে সেমিনার
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ডেটা সায়েন্সের বিবর্তন এবং ভবিষ্যৎ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ। ‘From Classical Statistics to Agentic AI and LLMs: The Evolution and Future of Data Science’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম।
সেমিনারে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মু. মনসুর রহমান।
সেমিনার উদ্বোধন করে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, বিশ্ব বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর যুগে প্রবেশ করেছে। এআইয়ের সঠিক ব্যবহারের জন্য পরিসংখ্যানগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও তার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরও আলোচনা ও গবেষণা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ ও আলোচনা সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা দেবে। পাশাপাশি এ ধরনের আয়োজন ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রবন্ধ উপস্থাপক ও আলোচকেরা।
বিভাগের অধ্যাপক মো. মনিমুল হক সেমিনারটি সঞ্চালনা করেন। এতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অন্যান্য আগ্রহী ব্যক্তি উপস্থিত ছিলেন।
