Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাকসুর মেয়াদ শেষ, শপথহীন সিনেটের ৫ প্রতিনিধি

Tarek Monower Yeasin প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ 138 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাকসুর মেয়াদ শেষ, শপথহীন সিনেটের ৫ প্রতিনিধি
ছবি : রাবির সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির শপথ হয়নি।
Single News Top

রাবি প্রতিনিধি: দীর্ঘ ৩৬ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এক বছর পেরিয়ে গেলেও সিনেটের পাঁচ ছাত্র প্রতিনিধির শপথ হয়নি। এদিকে রাকসুর মেয়াদ শেষ হলেও প্রায় এক দশক ধরে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন।

নির্বাচনে সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, এজিএস সালমান সাব্বির, ফজলে রাব্বী মো. ফাহিম রেজা ও আকিল বিন তালেব। নির্বাচনে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অধ্যাদেশের ২১ নম্বর ধারা অনুযায়ী, বছরে অন্তত একবার সিনেট অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। কিন্তু সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মে। সিনেটে উপাচার্য নির্বাচন, বাজেট অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিনেট ছাত্র প্রতিনিধি ফজলে রাব্বী মো. ফাহিম রেজা অভিযোগ করেন, দুই প্রশাসনই সিনেট কার্যকরের বিষয়ে আশ্বাস দিলেও কার্যকর উদ্যোগ নেয়নি। শিগগিরই তাঁরা গণতান্ত্রিক আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান তিনি।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, সিনেট কার্যকরে প্রশাসনের সঙ্গে বারবার আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের যথেষ্ট আন্তরিকতা নেই বলে অভিযোগ করেন তিনি।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা করেও তাঁরা কার্যকর উদ্যোগ পাননি। সিনেট নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।

সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব জানান, তাঁর মেয়াদকালে সিনেট অধিবেশন আয়োজনের চেষ্টা করা হলেও বিভিন্ন সীমাবদ্ধতায় তা সম্ভব হয়নি।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, সিনেট অধিবেশন আয়োজনের চেষ্টা চলছে। তবে অনেক সদস্যের মৃত্যু ও পদ শূন্য থাকায় কোরাম পূরণে জটিলতা রয়েছে। এসব সমস্যা সমাধানের পর বিতর্কহীনভাবে অধিবেশন আয়োজন করা হবে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে