রিজভীর সঙ্গে ইইউর মতবিনিময়, আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন
নিউজ সিক্সটিন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৈঠকে বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে বুধবার এক বার্তায় জানায় বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
ইইউর বার্তায় বলা হয়, ক্রমবর্ধমান ইইউ-বাংলাদেশ অংশীদারত্বের প্রেক্ষাপটে বিএনপির রাজনৈতিক অগ্রাধিকার, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
তবে বৈঠকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা সমঝোতা হয়েছে কি না, সে বিষয়ে ইইউর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
সূত্র: বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এক্স অ্যাকাউন্ট (@EUinBangladesh)।
