জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান রাবির
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে অনলাইনভিত্তিক আন্তর্জাতিক পাঠদান কার্যক্রম চলছে। Collaborative Online International Learning (COIL) পদ্ধতিতে পরিচালিত এ কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
২০২৪ সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কার্যক্রম ২০২৫ সালের ধারাবাহিকতায় ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ যৌথ পাঠদান কার্যক্রমের সূচনা হয়।

এ কার্যক্রমে রাবির প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহরিয়ার শোভন এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হিরোসুকে তাতসুমি যুক্ত রয়েছেন।
সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক পাঠদান শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত করার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে ভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
কার্যক্রমে অংশ নেওয়া রাবির এক শিক্ষার্থী বলেন, এ উদ্যোগের মাধ্যমে জাপানের শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং তাদের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ হচ্ছে। এতে চিন্তাভাবনার পরিধি বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জিত হচ্ছে, যা ভবিষ্যৎ কর্মজীবনেও সহায়ক হবে।
রাবির অধ্যাপক ড. মো. শাহরিয়ার শোভন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শিনশু বিশ্ববিদ্যালয়ের এ যৌথ উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, COIL হলো দুটি ভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইনভিত্তিক যৌথ শিক্ষাকার্যক্রম। এ পদ্ধতিতে অংশগ্রহণকারীরা একসঙ্গে পাঠ গ্রহণের পাশাপাশি জ্ঞান, অভিজ্ঞতা ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ পান।
