প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মেরামতের পর ঢাকার পথে বিজি ৩৭৭
নিউজ সিক্সটিন ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭।
বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এর আগে নির্ধারিত সময় সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির রওনা হওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানের প্রকৌশলী ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। এরপর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিরাপদে উড্ডয়ন করে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের উপব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিজি ৩৭৭ ফ্লাইটটির উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশলীরা কাজ করছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছান। সফর শেষে বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে এবং ৩০ অক্টোবর রাত ৩টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে।
