এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে জিপিএ-৫
সিক্সটিন ডেস্ক: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এ বছর মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট নিবন্ধিত পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং নারী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। তবে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। অনুপস্থিত ছিলেন ২৯ হাজার ৭৮৫ জন।
গত বছর অর্থাৎ ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
এবারের পরীক্ষা আয়োজনের সময় প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতি নিয়ে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। আবহাওয়াজনিত কারণে কয়েকটি বোর্ডের পরীক্ষা স্থগিতও করা হয়।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।
