রাবির অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিতে চান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলনে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, আবাসন সুবিধা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্বরে সম্মিলনের উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম সাদেকুল ইসলাম। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর অংশগ্রহণকারীদের শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় সম্মাননা প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম সাদেকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম আব্দুস সাত্তার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জীবনে ইচ্ছা ও স্বপ্ন থাকলে তা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। কর্মজীবনে সততা ও নিষ্ঠার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই।
তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২৫ জন অসচ্ছল ছাত্র ও ২৫ জন অসচ্ছল ছাত্রীকে মাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রাবির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো এবং আটটি আবাসিক হল নির্মাণের প্রকল্প প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে উন্নয়নে অবদান রাখতে পারেন। বৃত্তি ও অনুদান প্রদান, গ্রন্থাগারে বই সরবরাহসহ শিক্ষা সহায়ক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে। বিদেশের অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো নিজ নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে উল্লেখ করে তিনি রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কয়েকটি বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দৃষ্টি আকর্ষণ করেন উপাচার্য। জবাবে এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন মুখ্য সচিব।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গতানুগতিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। বিভাগের খ্যাতনামা শিক্ষকদের অবদান তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষা সহায়ক বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতেও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
