রাবির ২৬ মেধাবী শিক্ষার্থীকে ফাউন্ডেশন বৃত্তি
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৬ জন কৃতী শিক্ষার্থীকে ‘প্রফেসর এ বি এম হোসেন ও শাহানারা হোসেন ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং বৃত্তির পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষক ড. মঈন হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০২১ ও ২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীরা এ বৃত্তি পেয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ৫ হাজার টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, মেধার মূল্যায়ন না হলে মেধা চর্চা অনুপ্রাণিত হয় না। এ বৃত্তি প্রদানের মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি নবীনদের মেধা বিকাশেও উৎসাহিত করা হয়েছে। মেধার বিকাশ ও লালনকে উৎসাহিত করতে সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বৃত্তি, পদক ও পুরস্কার প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বৃত্তির পৃষ্ঠপোষক ড. মঈন হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক দিলশাদ আরা বুলু, ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মো. শেরেজ্জামান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ইউনুস আহমদ খান বক্তব্য রাখেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শ্রাবণী আক্তার, আন্না কারানিনা, মো. মওদুদ হাসান সৈকত ও ফারহানা কিবরিয়াও অনুভূতি প্রকাশ করেন।

এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রফেসর এ বি এম হোসেন ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং প্রফেসর শাহানারা হোসেন ছিলেন ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। দুজনই প্রয়াত। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বৃত্তি চালু করা হয়েছে।
