রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৯ মামলা, গ্রেপ্তার ১০৬
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিভিন্ন অপরাধে মোট ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্যসহ ২৪ জন মাদক কারবারি ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পরোয়ানাভুক্ত ৪৮ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলায় ৪৩ জন এবং অন্যান্য মামলায় ৭ জন রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ গ্রাম হেরোইন, ৪৩৬ পিস ইয়াবা ও ৪৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
অপরাধের পরিসংখ্যানে চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতনের তিনটি মামলা রয়েছে। এ সময়ে হত্যা, খুনসহ ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
