রাজশাহীতে চোরাই ল্যাপটপ-মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাব্বিল আহম্মেদ রিয়াদ (২৪) ও মো. মারুফ হোসেন (২৩)। রিয়াদ চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের মো. তারা মিয়া সুজনের ছেলে। তিনি বর্তমানে মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় বসবাস করেন। মারুফ একই এলাকার মো. মোকসেদ আলীর ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তথ্যমতে, গত ২৭ অক্টোবর দুপুর সোয়া ১টার দিকে বোয়ালিয়া মডেল থানার একটি মামলার তদন্তের সূত্র ধরে চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
এ সময় রিয়াদের বসতঘর থেকে মামলার চুরি যাওয়া একটি এইচপি এলিটবুক কোর আই-৫ ল্যাপটপ উদ্ধার করা হয়। তাঁর হেফাজত থেকে আরও ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুশরইল এলাকার শহিদ টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে অন্য একটি মামলার চুরি যাওয়া আরও একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রিয়াদ নিয়মিত চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন বিক্রির জন্য বন্ধু মারুফের কাছে সরবরাহ করতেন বলে জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার ঝাউতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মারুফের হেফাজত থেকে আরও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সব মিলিয়ে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে দুটি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন সংগ্রহ, সংরক্ষণ এবং কেনাবেচায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
