গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চক চাঁপাল গ্রামের চাঁপাল জামে মসজিদের উত্তর পাশে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে দুটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১৫০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মো. শহিদ আলীর ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
