রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ২৮ মামলা, গ্রেপ্তার ১০৩
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৮টি মামলা হয়েছে। এ সময়ে বিভিন্ন মামলায় মোট ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৬টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৮টি মামলার মধ্যে একটি খুন এবং দুটি চুরির ঘটনা রয়েছে। এ ছাড়া অন্যান্য খাতে ২৫টি মামলা হয়েছে। ধর্ষণ, খুনসহ ডাকাতি, ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতনের কোনো মামলা হয়নি।
গ্রেপ্তার হওয়া ১০৩ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ২৬ জন, সাজাপ্রাপ্ত ১৯ জন, তদন্তাধীন মামলার আসামি ৫৬ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় দুইজন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের অভিযানে ৬৮০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের উদ্দেশ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।
