রাজশাহীর চারঘাটে জমি বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত ১২
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয় নারীসহ ১২ জন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি থেকে পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁরা। এ সময় ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার দুপুরে চারঘাট পৌরসভার শ্রীখণ্ডী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে ছয় নারীসহ ১২ জন আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তাঁরা আরও জানান, ঘটনার পর থেকে প্রাণভয়ে বিদ্যুৎ ও তারেকসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা।
