গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে মজুত কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রথমে কাশিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট কিংবা আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সতর্ক থেকে কাজ করছেন ফায়ার ফাইটাররা।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
