হা-ডুডুকে আরও জনপ্রিয় করা হবে: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধিে: বাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তুলতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
শনিবার (২৪ অক্টোবর) রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খিরশিন ফকিরপাড়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত হা-ডুডু টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, বর্তমান সরকার যুবসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে খেলার মাঠে ফিরিয়ে আনতে কাজ করছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। ভালো মানের খেলোয়াড়দের সরকারি সম্মানী প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মরহুম আরাফাত রহমান কোকোকে একজন নিবেদিত ক্রীড়া সংগঠক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটের প্রতি ভালোবাসার পাশাপাশি অন্যান্য খেলাধুলারও পৃষ্ঠপোষকতা করেছেন কোকো। খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সুসংগঠিত করে মাঠমুখী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
খিরশিন ফকিরপাড়া যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে রনি একাদশকে ৫১-৩৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খিরশিন ফকিরপাড়া দল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।
