২৭ বছরের পথচলায় এমটিবি, রাজশাহী শাখায় গ্রাহকদের নিয়ে কর্মসূচি
রাজশাহী প্রতিনিধি: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী শাখায় গ্রাহক সমাবেশ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রাহক সচেতনতা, সুশাসন, স্বচ্ছতা ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (২৫ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘২৭ Years Anchored in Trust’—আস্থার ভিত্তিতে এগিয়ে চলা।
অনুষ্ঠানে এমটিবি রাজশাহী শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ব্যাংকটির পথচলার সবচেয়ে বড় প্রেরণা। গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত সেবা দিতে ব্যাংকটি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, পেশাদারত্ব, স্বচ্ছতা ও আন্তরিকতার মাধ্যমে ভবিষ্যতেও গ্রাহকদের পাশে থাকতে চায় এমটিবি। অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকেরা ব্যাংকটির সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় এমটিবি রাজশাহী শাখার কাস্টমার সার্ভিস অফিসার কাজী মনজিলা আরজু গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ও ঝুঁকি সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি প্রতারণা এড়ানোর উপায় তুলে ধরেন এবং গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
১৯৯৯ সালের ২৪ অক্টোবর ব্যাংকিং কার্যক্রম শুরু করে এমটিবি। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আস্থার সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে আসছে ব্যাংকটি।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, আমানতের বিপরীতে ঋণ ও অগ্রিমের অনুপাত (এডিআর) প্রায় ৬৯–৭০ শতাংশ এবং খেলাপি ঋণের হার ৬ শতাংশের কিছু বেশি। গত তিন বছরে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকার প্রভিশন সংরক্ষণ করেছে ব্যাংকটি। মূলধন শক্তিশালী করতে টায়ার-১ মূলধন প্রায় ৩৪৪ কোটি টাকা এবং সাবঅর্ডিনেটেড বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
বর্তমানে এমটিবি দেশের ১২২টি শাখা, ৫৮টি উপশাখা, ১৯০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ১৫টি ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে সেবা দিচ্ছে। এ ছাড়া ব্যাংকটির রয়েছে ৩৬১টি এটিএম বুথ, ৬ হাজার ৯০৮টি পয়েন্ট অব সেল (পিওএস) এবং আটটি এয়ার লাউঞ্জ।
২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ব্যাংকটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে গ্রাহকসম্পর্ক আরও সুদৃঢ় করা, আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সুশাসন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এমটিবি।
