সংস্কার না হলে হাসিনার পথেই হাঁটবেন তারেক: নাহিদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও শেখ হাসিনার মতো পথে হাঁটবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের একটি পার্টি সেন্টারে দলীয় সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, একই ব্যবস্থায় এখন অন্য একজন দেশ চালাচ্ছেন। শুধু চালক পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন হয়নি। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ও সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন।
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে নাহিদ ইসলামের লিফলেট বিতরণ করার কর্মসূচি রয়েছে বলে জানানো হয়।
