ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল
রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী ১ নম্বর বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রাজশাহী শাখার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র আইনজীবী আবুল কাশেম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মাইনুল আহসান পান্না, বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রইসুল ইসলাম এবং মহানগর জজ আদালতের পিপি আলহাজ্ব অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম।
এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। তাঁরা বলেন, রাজশাহীর উন্নয়নে মিনুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর মতো অভিজ্ঞ রাজনীতিকের সুস্থতা দেশের জন্য প্রয়োজন বলেও মন্তব্য করেন তাঁরা।
বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী মুসলিমদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং বিএনপির অন্যান্য নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
