রাবিতে শুরু হচ্ছে ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: পর্যটন, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘৪র্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মেলা চলবে।

বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত হোসাইন বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এর মাধ্যমে পর্যটন, আতিথেয়তা, খাদ্যসংস্কৃতি ও উদ্যোক্তা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা বিস্তৃত ধারণা লাভ করতে পারবেন।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহিদ হোসেন বলেন, পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলাটি শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে পর্যটন সম্পর্কে আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন সম্ভাবনা তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আয়োজকরা জানান, মেলায় থাকবে বৈচিত্র্যময় খাবার, দেশীয় হস্তশিল্প এবং উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ। এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রচার, পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বিকাশের সুযোগ তৈরি হবে।
এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের দর্শনার্থীদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
