Below Main Menu
মেনু
News16
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

নিরাপদ মাতৃত্বে পাহাড়ি নারীদের প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

বান্দরবন প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ 55 বার পঠিত
নিরাপদ মাতৃত্বে পাহাড়ি নারীদের প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
ছবি : পাহাড়ে মা ও শিশুর সেবায় ১৬ নারীকে প্রশিক্ষণ
Single News Top

বান্দরবন প্রতিনিধি: দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৬ পাহাড়ি ও বাঙালি নারীকে ধাত্রীবিদ্যা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

তিন সপ্তাহের প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বান্দরবান সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও যাতায়াত ভাতা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে, বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। বান্দরবান সেনানিবাসের মিলিটারি ড্রেসিং স্টেশনের (এমডিএস) দ্বিতীয় তলায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার, এমপিএইচ। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মো. শাহীন হোসেন চৌধুরী এবং ৬৯ পদাতিক ব্রিগেডের জি-৩ (শিক্ষা) লেফটেন্যান্ট জান্নাতুল মাওয়া। এ ছাড়া সেনা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে যা শিখলেন নারীরা

তিন সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গর্ভকালীন ও প্রসবোত্তর পরিচর্যা, নিরাপদ প্রসবের মৌলিক ধারণা, নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা, বিপৎসংকেত শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন তানজিলা মুস্তাজিন ময়না, দ্বিতীয় হন লাল খ্রিস ময় বম এবং তৃতীয় স্থান অর্জন করেন জেনি ত্রিপুরা।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে প্রাথমিক চিকিৎসাসামগ্রীর একটি প্যাকেজ দেওয়া হয়। এতে বিভিন্ন ওষুধ, ওরস্যালাইন, মাস্ক, গ্লাভস, প্রাথমিক চিকিৎসার উপকরণ, রক্তচাপ মাপার যন্ত্র, পালস অক্সিমিটার ও থার্মোমিটারসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।

এ ছাড়া যাতায়াত খরচ বাবদ প্রত্যেক প্রশিক্ষণার্থীকে এক হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা দেওয়া হয়।

দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ

বান্দরবানের দুর্গম যোগাযোগব্যবস্থা ও দীর্ঘ দূরত্বের কারণে অনেক পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিয়মিত স্বাস্থ্যসেবা পেতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ প্রসব এবং নবজাতকের পরিচর্যা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।

এ পরিস্থিতিতে স্থানীয় নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা নিজ নিজ এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বাড়ানো, প্রাথমিক সহায়তা দেওয়া এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা মাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম সহায়ক হতে পারে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে