রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির প্রশংসায় নরওয়ের ডেপুটি মেয়র
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। এ সময় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই শহরের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় দুই শহরের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে রাসিক প্রশাসক ও ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের প্রতিনিধি কিয়ালস্টেইন মেলহুস ভেনাস ও ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
