স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের ভূমিকা ঐতিহাসিক: এমপি মিলন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার নওহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভূমিকা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ দেশের যুবসমাজের জন্য চিরদিন অনুকরণীয় হয়ে থাকবে। সেই আদর্শে উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় যুবদলের নেতা-কর্মীদের দেশের অগ্রযাত্রায় সাহসী ও সুশৃঙ্খল ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণ দলটিকে ভোট দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের সুযোগ দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেও স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হচ্ছে।
যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। মানুষের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র গঠন, জনগণের আস্থা অর্জন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা এগিয়ে নিতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সুমন।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সদস্য শরিফুর রহমান শরীফ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না, নওহাটা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আজাদ সরকার ও মহিনুল ইসলাম মিলন এবং নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।
