যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে: এমপি মিলন
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি। তাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রোববার জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের যুব দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
এমপি মিলন বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। তাই দেশ গঠনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম ও যুব উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন এবং ‘স্বনির্ভর বাংলাদেশ’ কর্মসূচিতে যুব সমাজকে সম্পৃক্ত করা হয়েছিল।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী করতে খাল খনন, বৃক্ষরোপণ, মাছ চাষ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মতো উৎপাদনমুখী কর্মকাণ্ড বাড়াতে হবে। এসব উদ্যোগে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিজেদের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থানের বিষয়টি সেখানে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি।
দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার কথা উল্লেখ করে এমপি মিলন বলেন, গত বছর মোহনপুরের একজন এ পুরস্কার পেয়েছিলেন। এবারও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। এ সময় সন্তানদের কাজের প্রতি উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে দুই উপজেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।
